দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) ছয় দেশে একটি ভিসায় ভ্রমণের দীর্ঘ প্রতীক্ষিত উদ্যোগ শিগগিরই চালু হতে যাচ্ছে। জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইউই জানিয়েছেন, একক এই পর্যটন ভিসা ‘শিগগিরই আলোর মুখ দেখবে’।
৬ সেপ্টেম্বর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ‘সিকিউরিটি অ্যান্ড হিস্ট্রি ডায়ালগ ২০২৬’-এর বিশেষ অধিবেশনে এ কথা বলেন তিনি।
জিসিসির মহাসচিব বলেন, একক ভিসা চালু হলে আন্তর্জাতিক পর্যটকদের জন্য জিসিসির ছয় সদস্যদেশের মধ্যে ভ্রমণ আরও সহজ হবে। তবে ভিসাটি কবে চালু হবে, এর খরচ, মেয়াদ বা আবেদনের প্রক্রিয়া সম্পর্কে তিনি বিস্তারিত জানাননি।
‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ নামেও পরিচিত এই একক ভিসার আওতায় সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েত ভ্রমণ করা যাবে বলে আশা করা হচ্ছে। ইউরোপের শেনজেন ভিসার মতোই একটি ভিসায় একাধিক দেশে ভ্রমণের সুযোগ তৈরি হবে।
২০২৩ সালের অক্টোবরে জিসিসির পর্যটনবিষয়ক মন্ত্রীরা সর্বসম্মতভাবে একক পর্যটন ভিসার প্রস্তাব অনুমোদন করেন। একই বছরের নভেম্বরে জিসিসির স্বরাষ্ট্রমন্ত্রীরাও এটি অনুমোদন করেন।
২০২৫ সালের জুনে সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী আবদুল্লাহ বিন তুক আল মারি জানিয়েছিলেন, একক জিসিসি পর্যটন ভিসা অনুমোদিত হয়েছে এবং বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। তবে তখনও চালুর নির্দিষ্ট তারিখ, খরচ ও মেয়াদ জানানো হয়নি।
আলবুদাইউই বলেন, জিসিসির সদস্যদেশগুলোর মধ্যে যোগাযোগ ও চলাচল সহজ করতে আরও কয়েকটি উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের একক পয়েন্ট বিমান ভ্রমণ প্রকল্প অন্যতম।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ও বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে এ প্রকল্পের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। ইলেকট্রনিক সংযোগ, জীবমিতিক যাচাই ও ই-গেটের মাধ্যমে যাত্রীদের তথ্য আগেই প্রক্রিয়াজাত করা হয়।
তবে একক পয়েন্ট বিমান ভ্রমণ ব্যবস্থা ও একক পর্যটন ভিসা দুটি পৃথক উদ্যোগ। প্রথমটি জিসিসির নাগরিকদের ভ্রমণপ্রক্রিয়া সহজ করার জন্য, আর একক পর্যটন ভিসার লক্ষ্য বিদেশি পর্যটকদের ছয় দেশে ভ্রমণ সহজ করা।
৭ সেপ্টেম্বর দুবাইয়ে ১৫তম এআইএম কংগ্রেসেও জিসিসির আঞ্চলিক একীভূতকরণ নিয়ে কথা বলেন আলবুদাইউই। তিনি বলেন, কয়েক দশকের যৌথ উদ্যোগের ফলে জিসিসি মুক্ত বাণিজ্য এলাকা, শুল্ক ইউনিয়ন ও অভিন্ন বাজারসহ পরিবহন, জ্বালানি ও অবকাঠামো খাতে বিভিন্ন কৌশলগত প্রকল্প বাস্তবায়ন করেছে।
তিনি আরও বলেন, পর্যটন, পরিবহন ও সরবরাহ ব্যবস্থাসহ বিভিন্ন খাতের বিকাশের মাধ্যমে জিসিসির অর্থনীতিগুলো ক্রমেই আরও বেশি পরস্পর সংযুক্ত হচ্ছে।
/অ